ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0
ঝিনাইদহের কালীগঞ্জে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আইনি কার্যক্রম চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ও বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেনের তথ্যমতে, ঢাকা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, প্রাথমিক তথ্যানুযায়ী নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বারোবাজার ও এর আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম বা বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চালানো হচ্ছে এবং পরিচয় পাওয়ার পর মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।