পাখির আবাসস্থল নষ্ট করায় ব্যবসায়ীকে জরিমানা

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল)।। নড়াইলের প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা চৌরাস্তায় লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের একটি আম গাছের ডালপালা কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা আসা পর্যন্ত ১০টি ছিদ্রযুক্ত মাটির হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রিয়াদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুপুরে এ রায় দেয়। এ সময় অভিযোগকারী লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এবং অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না উপস্থিত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি জমির ওপর থাকা ওই আম গাছটিতে অসংখ্য চড়ই পাখি বাস করতো। এ কারণে বিরক্ত বোধ করেন সামনের দোকানের ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না। পাখি যাতে গাছে থাকতে না পারে এ জন্য গত রোববার (৩১ আগস্ট) ভোরে তিনি গাছটির ডাল কেটে দেন। ওই দিন সন্ধ্যায় পাখিরা স্বাভাবিক নিয়মে তাদের বাসস্থানে ফিরে এসে ডালবিহীন গাছ ঘিরে উড়তে থাকে।

এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাখি প্রেমিক সোহেল রানা লাক্সমী বাদী হয়ে গতকাল বুধবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে এদিন দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত পাখির আবাসস্থল নষ্টের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডাল কাটা গাছে নতুন পাতা আসা পর্যন্ত ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দেওয়ার নির্দেশ দেন অভিযক্তকে।