পাকিস্তানে একটি স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত

0

লোকসমাজ ডেস্ক ।। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুইটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) কিছু সময় আগেপরে বন্দুক হামলার ওই ঘটনা দুটি ঘটে বলে ডন ডটকমকে জানান জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস।
তিনি বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এ ব্যক্তি নিহত হন।
তার কিছুক্ষণ পরই একটি স্কুলে গোলাগুলির দ্বিতীয় ঘটনাটি ঘটে এবং সাত শিক্ষককে হত্যা করা হয়। সে সময়ে ডন ডটকমের একজন প্রতিনিধি স্কুলটির কাছে অবস্থান করছিলেন। তিনি জানান, স্কুলটি শালজান রোড থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।
খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বলেও জানায় ডন ডটকম।
অপরদিকে, পাকিস্তানের দেইরদুনি শহরে নিরাপত্তা বাহিনী ও উগ্রবাদীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ছয় সেনা কর্মকর্তা ও তিন উগ্রবাদী নিহত হয়। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে এ সংবাদ পরিবেশিত হয়।
নিহত সেনা কর্মকর্তারা হলেন কনস্টেবল সেলিম খান, নায়েক জাভেদ ইকবাল, সিপাহী নাজির খান, সিপাহী বিলাল, সিপাহী সৈয়দ রজব হুসাইন ও সিপাহী বিসমিল্লাহ।
পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলীয় শহর দেইদুনিতে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় উগ্রবাদীদের আক্রমণে ছয় সেনা কর্মকর্তা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তাকর্মীরা হামলা চালিয়ে তাদের তিনজনকে নিহত করে।