পাইকগাছায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে ঘরে আগুন দেয়ার অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ জমি সংক্রান্ত বিরোধে পাইকগাছায় ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার ভোর ৫ টার দিকে গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জন চৌধুরীর ঘরে প্রতিপক্ষ সহিল উদ্দীন গাজীরা আগুন লাগিয়েছেন বলে স্বরসতী চৌধুরী (৬০) থানায় কয়েকজনের নামে অভিযোগ করেছেন। আগুন নেভাতে গেলে প্রতিপক্ষরা তাতে বাঁধা দেন ও তাদের মারপিট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, বিশ্বরঞ্জন ও মনোরঞ্জন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে। যা নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। অভিযোগ, স্থানীয় সহিল উদ্দীন গাজীর মনোরঞ্জন চৌধুরীর সাথে ভাল সম্পর্ক থাকায় তাদের পক্ষ নিয়ে আমাদের ঘরে আগুন লাগিয়েছে।
প্রতিপক্ষ সহিল উদ্দীন গাজী জানান, বিষয়টি তাদের পারিবারিক। নিজেদের ঘরে নিজেরা আগুন লাগিয়ে আমাকে জড়ানোর চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করলে জানা যাবে।
মনোরঞ্জন বলেন, বিশ্বরঞ্জন আমার ভাই। আমাকে হয়রানি করার জন্যে নিজেরা এ ঘটনা ঘটিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।