পাইকগাছায় পরিযায়ী পাখি শিকার চলছে

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ শীত মৌসুমে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন বিলে ফাঁদ পেতে দেশি ও পরিযায়ী পাখি শিকারের উৎসবে মেতে উঠেছে শিকারীরা। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতে শীত প্রধান দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে। এলাকার বিভিন্ন ধানক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়ি ঘের থেকে শিকারীরা এসব পাখি শিকার করছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিকারীদের বিরুদ্ধে দু -একটি ব্যবস্থা গ্রহণ করলেও যথাযথ তদারকি না থাকায় শিকারীরা তৎপর রয়েছে।
উপজেলার পুরাইকাটি, বয়রা, কচুবুনিয়া, বাসাখালী, বাইসারাবাদ, বেতবুনিয়া তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, অকাইবাসী, ঠাকুনবাড়ি, আমিরপুর, বাইনবাড়ীয়া, কুমখালী ও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ধানের ক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়ি ঘের থেকে পাখি শিকার করা হচ্ছে। এ সব খাল- বিলে শীত মৌসুমের শুরুতে পরিযায়ী পাখির আগমন ঘটে।
এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় পাখিদের ভূমিকা অপরিসীম। পরিবেশবান্ধব এই প্রাণীরা মানুষের সুস্থ জীবনধারাকে টিকিয়ে রাখতে সহায়তা করে। পাখি শিকার বন্ধে প্রশাসন সব সময় তৎপর রয়েছে। শিকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে।