পাইকগাছায় চিংড়ি চাষিদের অর্থে ২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার

0

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২১ নম্বর পোল্ডারের মারাত্মক ঝুঁকিপূর্ণ ২কিলোমিটার ওয়াপদার বাঁধ স্থানীয় চিংড়ি চাষিরা নিজস্ব অর্থায়নে সংস্কার শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের পযাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চিংড়ি চাষিরা এই বাঁধ রক্ষায় কাজ শুরু করে।
ইউনিয়নের ২১ নং পোল্ডার আয়লা, আম্পান, বুলবুলসহ প্রতিটি দুর্যোগে বার বার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । পোল্ডারের ১৬ কিলোমিটার বাঁধের মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ ৮ কিলোমিটার। যার মধ্যে পানি উন্নয়ন বোর্ড ২ কিলোমিটার বাঁধে বালি ভর্তি জিও ব্যাগ দিয়েছে। পর্যাপ্ত অর্থ না থাকায় কাজ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এমতাবস্থায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় স্থানীয় চিংড়ি চাষিরা পোল্ডারের ১১ হাজার বিঘা জমির সম্পদ ও জানমাল রক্ষায় আগাম বাঁধ সংস্কার শুরু করেছে।
দেলুটিস্থ শিবসা নদীর হাবড়খানা মোহনা থেকে দরুন মল্লিক খেয়াঘাট পর্যন্ত ২ কিলোমিটার বাঁধ সংস্কার শুরু করে। এটি ১২ ফুট চওড়া। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে তিন লাখ টাকা।
গত ১৫ জুন স্থানীয় চিংড়ি চাষী সমিতির জরুরি সভা ১৮ জুন থেকে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্মল কান্তি মন্ডল। আবুল হোসেন গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নগদ অর্থ সংগ্রহসহ মতামত ব্যক্ত করেন সুলতান জাকারিয়া, স্বপন কুমার বিশ্বাস, মোস্তফা সরদার, নিরজ্ঞন রায়, শফিকুল সরদার, মান্নাফ গাজী, সুনীল বিশ্বাসও মোস্তফা গাজী।
এব্যাপারে পানি উন্নয়ন শাখা কর্মকর্তা রাজু আহম্মেদ হাওলাদার বলেন, ওয়াপদার বাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে ২ কিলোমিটার পর্যন্ত কাজ করা হয়েছে আগামীতে অর্থ পেলে অবশিষ্ট কাজ করা হবে।