পাঁচ দিন পর জানালিহাট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ল আটকে পড়া প্রবাল এক্সপ্রেস

0
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের সুন্নিয়া মাদ্রাসা ও শমসেরপাড়া এলাকা দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ার দৃশ্য।। ফাইল ছবি: সংগৃহীত
রেলপথে পানি ওঠার কারণে দীর্ঘ পাঁচ দিন ধরে চট্টগ্রাম নগরের জানালিহাট স্টেশনে আটকে থাকা কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি অবশেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি জানালিহাট স্টেশন থেকে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশনমাস্টার জানান, গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে গত মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। রেলপথের একাধিক স্থানে দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানি উঠে যাওয়ায় মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

ওই দিন কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী লাইনে পানি ওঠায় জানালিহাটে এসে আটকে পড়েছিল। সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে আগে পানি নামলেও গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত শমসেরপাড়া এলাকায় রেলপথের ওপর পানি জমে ছিল। আজ রোববার দুপুরের দিকে পানি পুরোপুরি নেমে গেলে ট্রেন চলাচলের উপযোগী হয় লাইনটি।

রেল কর্মকর্তারা জানান, এই আধুনিক রেলপথটি দিয়ে প্রতিদিন চট্টগ্রাম থেকে দুই জোড়া এবং ঢাকা থেকে দুই জোড়া মিলিয়ে মোট চার জোড়া যাত্রীবাহী ট্রেন নিয়মিত যাতায়াত করে। আকস্মিক এই দুর্যোগের কারণে গত ৫ দিন ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় আট থেকে নয় হাজার নিয়মিত যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। পানি নেমে যাওয়ার পর আটকে পড়া ট্রেনটি ছেড়ে যাওয়ায় এই রুটে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।