পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন দাবিতে কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ দ্রুত নির্বাচনের দাবিতে কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দ্রুত নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোর্ত্তজা হোসেন সাংবাদিকদের জানান, যশোরের প্রশাসন করোনা মহামারীর কারণ দেখিয়ে দীর্ঘ ৯ মাস ধরে শ্রমিকদের ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচন স্থগিত করে রেখেছে। তারপরও জাতীয় সংসদের একটি আসনের উপনির্বাচনসহ কয়েকটি স্থানীয় সরকার বিভাগের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরও প্রশাসন কোন কারণে আমাদের নির্বাচনটি স্থগিত করে রেখেছে সেটি বোধগম্য নয়। আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সহ-সভাপতি আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ফুলু দ্রুত নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল আলম মিন্টু, সেলিম রেজা মিঠু, মিজানুর রহমান মিজু প্রমুখ। সভাশেষে নেতৃবৃন্দ সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন।