নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

0
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমির সেই অফিসকক্ষ, যেখানে চার বছরের শিশুকে নির্যাতন করা হয়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর নয়াপল্টনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে ওই স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়া ওই স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা শারমিন জাহানের স্বামী।

গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডের ‘শারমিন একাডেমি’র অফিসকক্ষে এই নির্যাতনের ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক শারমিন জাহান শিশুটিকে জাপটে ধরে আছেন এবং ব্যবস্থাপক পবিত্র কুমার তাকে নৃশংসভাবে মারধর করছেন। কখনো শিশুর গলা চেপে ধরা হচ্ছে, আবার কখনো মাথা ধরে সজোরে ঝাঁকানো হচ্ছে। প্রি-প্লে শ্রেণির এক অবুঝ শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পল্টন থানা পুলিশ জানিয়েছে, নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামির মধ্যে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা সম্ভব হলেও প্রধান শিক্ষক শারমিন জাহান এখনও পলাতক। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী জানান, প্রধান শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় অভিভাবক মহল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।