নড়াইলে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে হত্যার দায়ে ইলিয়াস সরদার (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। নড়াইল জেলা ও দায়রা জজ শারমিন নিগার বুধবার বেলা ১১টার দিকে এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ইলিয়াস সর্দার খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নড়াইলের পাবলিক প্রসিকিউটর আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াস সরদার মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই রাতে আহাদ মল্লিক বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোজাখুঁজি করে পরের দিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের একটি পাটক্ষেতে তার লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ সময় নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপ ও গলায় কালো দাগ ছিল। এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক আইচপাড়া গ্রামের শাহাদাত মল্লিকের চার ছেলে জুয়েল মল্লিক, সোহেল মল্লিক, সাজেল মল্লিক ও টুয়েল মল্লিক এবং খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে ইলিয়াস সরদারকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খান মাহবুবুর রহমান আসামি ৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকি ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।