নড়াইলে মনিরুল সাধারণ সম্পাদক, সভাপতি জাহাঙ্গীর আলম

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে রোববার দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলরদের ভোটগ্রহণ হয়। নির্বাচনে জেলার ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের মোট কাউন্সিলর ছিলেন ৭০৭ জন। ৭০১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মণ্ডল পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৬৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ২৭২ ভোট পেয়েছেন। এ পদে অপর প্রার্থী টিপু সুলতান ১২৪ ভোট পেয়েছেন।

সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু।