যবিপ্রবি ও উলসী সৃজনী সংঘের ভেতর সমঝোতা স্মারক সই

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ, মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় যৌথভাবে কাজ করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও বেসরকারি উন্নয়ন সংস্থা উলসী সৃজনী সংঘের (ইউএসএস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। রোববার এ চুক্তি সই হয়।

প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পাদিত হয়। সমঝোতা স্মারকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান ও উলসী সৃজনী সংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।

এই সমঝোতা স্মারকের অধীনে যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও উলসী সৃজনী সংঘ যৌথ গবেষণা, মাঠ পর্যায়ের কার্যক্রম ও অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় মৎস্য সম্পদের উন্নয়ন ও পানির জীববৈচিত্র্য সংরক্ষণে একসঙ্গে কাজ করবে। উভয়পক্ষের আশাবাদ, এই উদ্যোগ বাংলাদেশের উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় ও টেকসই পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও উলসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি।