নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

0
শেখ হাসিনার উসকানি ও নির্বাচন বানচালের অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে তলব করলো ঢাকা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ সরকার ভারতের কাছে এ বিষয়ে গভীর উদ্বেগের কথা তুলে ধরেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পলাতক শেখ হাসিনা ভারত থেকে তাঁর সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এটিকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে সরকার।

বৈঠকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণের বিষয়ে দিল্লির প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

এছাড়া, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দিকে ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে, যার ফলে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। ঢাকা এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে।

সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। কোনো সন্দেহভাজন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় দিল্লির দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।

জবাবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা এবং তাঁর দেশ এ লক্ষ্যে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।