নিজেদের জ্বালানি থাকতে কেন বিদেশ থেকে আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী

0
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানির কোনো প্রয়োজন নেই। গত ১৭ বছর দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভরতার যে ব্যবস্থা করা হয়েছিল, বর্তমান সরকার তা থেকে বেরিয়ে আসতে চায়। দেশের উন্নতির জন্য জ্বালানি সবচেয়ে জরুরি এবং জনগণের সরকার হিসেবে জনগণের সম্পদ আহরণ করে তা দেশের উন্নয়নে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য এবং কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমদানিনির্ভরতা কাটিয়ে কীভাবে সবাইকে নিয়ে নিজেদের জ্বালানি আহরণ করা যায়, সে বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি উৎপাদনে না যেতে পারার প্রসঙ্গে মন্ত্রী পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, গত সরকারের আমল থেকেই এই সমস্যা চলে আসছে। তবে বর্তমান সরকার তিনটি ইউনিট একসাথে চালু করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।