নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্ব রাজনীতিকে স্তম্ভিত করে দিয়ে নিজেকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টের মাধ্যমে তিনি এই নজিরবিহীন ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি এই পদে আসীন হয়েছেন।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা ডোনাল্ড ট্রাম্পের সেই ছবি, যেখানে তিনি নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করেছেন।। ছবি: সংগৃহীত

এই নাটকীয় ঘটনার সূত্রপাত হয় গত ৩ জানুয়ারি, যখন মার্কিন সামরিক বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কের কারাগারে নিয়ে আসে। মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেও ট্রাম্পের এই দাবি দেশটির সার্বভৌম সংকটকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর মার্কিন আধিপত্য নিরঙ্কুশ করতেই ট্রাম্পের এই কৌশলগত পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য দেশটির জ্বালানি খাতের নিয়ন্ত্রণ হাতে রাখবে। এখন ভেনেজুয়েলায় একই সঙ্গে ডেলসি রদ্রিগেজ এবং ডোনাল্ড ট্রাম্প—উভয়ই নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় দেশটিতে প্রশাসনিক অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: ট্রুথ সোশ্যাল এবং রয়টার্স।