নিখোঁজ ফোকো চৌধুরীর লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজ হওয়ার দু দিন পর  শুক্রবার যশোর শহরের চুড়িপট্টির ফোকো চৌধুরীর (৭৫) লাশ উদ্ধার হয়েছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটি ইউনিয়নের পিরোজপুর-উজিরপুর রাস্তার পাশে একটি ডোবার মধ্যে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির লোকসমাজকে জানান, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবে তাঁর লাশ উদ্ধার করেন। পরে সন্ধ্যার পরে ফোকো চৌধুরীর স্বজনরা সেখানে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।
চুড়িপট্ট্রি হাজি আব্দুল করিম রোডের বাসিন্দা মরহুম গোলাম আনোয়ার চৌধুরীর পুত্র একরামুল হক চৌধুরী ফোকোর লাশ নাজিরপুর থানা থেকে গ্রহণ করার জন্য তাঁর পরিবারের ১০ জন সদস্য নাজিরপুর থানায় যান। শুক্রবার রাত ১০ টার পরেও থানা থেকে আনুষ্ঠানিকতা শেষ করে লাশ গ্রহণ করতে পারেননি বলে জানান মরহুমের ভাইপো হাসিব চৌধুরী। তবে তিনি জানান রাত ১১/১২ টার মধ্যে লাশ গ্রহণ করতে পারলে আজ শনিবার বাদ জোহর যশোর শহরের চৌরাস্তায় কোতয়ালী জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য. মরহুম একরামুল হক চৌধুরী ফোকো আমৃত্যু যশোরের ঐতিহ্যবাহী ডায়মন্ড ক্লাবের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি শিশুদের নিয়ে নানা ধরনের খেলায় মেতে থাকতেন। ডায়মন্ড ক্লাবের নাট্যকার ফোকো চৌধুরী তার জীবদ্দশায় ১০/১২টি নাটক রচনা করেছেন।  শুক্রবার ১৫ ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে তার লেখা ‘এজাহার’ নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। তাঁর মৃত্যুর সংবাদে এদিন নাটকটি প্রচারে বিরত রাখা হয় বলে জানান ডায়মন্ড ক্লাবের সহ-সভাপতি নাট্যকর্মী স্বপন দাস।