নিখোঁজের ২২ দিন পর পুলিশ সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ।। কর্মস্থল থেকে নিজ বাড়ি চৌগাছায় ছুটিতে এসে নিখোঁজ ছিলেন আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য।

নিখোঁজের ২২ দিন পর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নয়মাইল গ্রামের একটি আখক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ শুক্রবার (১৯ ডিসেম্বর) তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার হলেও শুক্রবার তার পরিচয় নিশ্চিত করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের শ্যালক মামুনুর রশীদ মামুন বলেন, ‘স্থানীয় পুলিশের পাঠানো পরনের প্যান্ট, শার্ট, জুতার ছবি দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি মরদেহটি তার বোনের স্বামীর।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে ৯ মাইল এলাকায় সুমেত আলীর আখক্ষেত থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

স্থানীয়রা আখক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রথমে মরদেহটি অজ্ঞাত হলেও পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন।

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, ‘মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা থানায় পৌঁছালে ময়নাতদন্ত সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘ক্লুলেস মরদেহটি পরিচয় শনাক্তে একমাত্র সূত্র হয় উদ্ধারকৃত মরদেহের আন্ডারওয়ার, যা ছিল পুলিশের লোগো সম্বলিত। সেটি একজন পুলিশ কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তার পরনের প্যান্ট, শার্ট, জুতার ছবি নিহতের স্ত্রীকে নিয়ে দেখালে তিনি তার স্বামীর পোশাক বলে শনাক্ত করেন।’

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যেহেতু মরদেহটি প্রায় অর্ধগলিত, তাই এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু- তা বোঝা যাচ্ছে না। পুলিশের পাশাপাশি সিআইডির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’