নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা; পিএসএল ছেড়ে দেশে ফিরছেন ৫ ক্রিকেটার

0
পাকিস্তান সিরিজের জয়ী স্কোয়াডেই আস্থা নির্বাচকদের; কিউইদের বিপক্ষে ১৫ সদস্যের দল চূড়ান্ত।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই লড়াইয়ের (ম্যাচের) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল তাদের প্রথম কার্যদিবসে গত পাকিস্তান সিরিজের জয়ী স্কোয়াডকেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অংশ নিতে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) থেকে মাঝপথে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিদ হাসান, রিশাদ হোসেন ও শরীফুল ইসলামকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া ছিল। তবে পিএসএলে থাকা পারভেজ হোসেনকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি, তাঁর এনওসি বহাল রয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত।

ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

দলে পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, “সর্বশেষ সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। আমাদের নীতি হচ্ছে যখন কেউ আসবে, তাঁকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ করেনি, আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই।”

উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে এবং ২০ এপ্রিল একই মাঠে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম) হবে শেষ ওয়ানডে। একই মাঠে টি–টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল, ২ মে ঢাকায় হবে তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি।