নাভারণে যুবদল নেতা মুজিবর মল্লিকের স্মরণসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন যুবদল নেতা মুজিবর মল্লিকের ২৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে হত্যাকাণ্ডের শিকার ঝিকরগাছার সকল নেতৃবৃন্দের বিচার করা হবে।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের বিএনপির জনপ্রিয় নেতাদের খুন-গুমের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসলে ছাত্রনেতা ওলিয়ার রহমান, যুবদল নেতা মুজিবর মল্লিকে হত্যা করে।

দ্বিতীয়বার ক্ষমতায় এসে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি শওকত আলী চেয়ারম্যান, বিএনপি নেতা শাহাদৎ হোসেন, আনারুল ইসলাম, যুবদল নেতা আব্দুল জব্বার, আলমগীর হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে শ’শ বিএনপির নেতাকর্মীর নামে কথিত নাশকতামূলক মিথ্যা মামলায় জেল খাটিয়েছে।

শনিবার নাভারণ পুরাতন বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ মুজিবর মল্লিকের ২৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় উপরোক্ত কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।

বক্তব্য রাখেন, শহীদ মুজিবর মল্লিকের বড়ভাই মশিয়ার রহমান মল্লিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, সাবেক ছাত্রনেতা আব্দুল ওহাব টিক্কা, রবিউল ইসলাম মিলন, মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা শিহাব আহমেদ নিরব।