নানা কর্মসূচিতে সাংবাদিক শামছুর রহমান কেবলের হত্যাবার্ষিকী পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি ও প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমানের হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তাঁর ২৬তম হত্যাবার্ষিকীতে বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ, কবরে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

প্রেস ক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়নসহ সকল সাংবাদিকের সংগঠনগুলো দিবসটিতে নানা কর্মসূচি গ্রহণ করে। সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে একটি শোক র‌্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে গিয়ে শহীদ সাংবাদিক শামছুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

ছবি: লোকসমাজ।

এরপর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্মরণসভায় বক্তারা বলেন, শামছুর রহমান হত্যা মামলার বিচার দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

আলোচিত এই হত্যাকাণ্ডের দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় সাংবাদিক সমাজ ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা দ্রুত আইনি জটিলতা নিরসন করে মামলার বিচার শেষ করার দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়ার পেছনে রাষ্ট্রের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি শামছুর রহমান। বর্তমানে আইনি জটিলতার কারণে মামলাটির বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে স্থগিত রয়েছে।

স্মরণসভায় বক্তব্য দেন প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সভাপতি মনোতোষ বসু, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদসহ অন্যান্য সাংবাদিক ও বিশিষ্টজন। সভায় সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও পরিচালনা করেন হাবিবুর রহমান মিলন।