নাটোরে আইসিইউ অ্যাম্বুলেন্সকে ‘ভোটের গাড়ি’ বানিয়ে প্রচারণা, সমালোচনার মুখে প্রত্যাহার

0
নাটোর শহরের রাস্তায় আইসিইউ অ্যাম্বুলেন্সের গায়ে নির্বাচনী পোস্টার লাগিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো হচ্ছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নাটোর পৌরসভায় ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া জীবনদায়ী আইসিইউ অ্যাম্বুলেন্সকে ‘ভোটের গাড়ি’ বানিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবহারের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের রাস্তায় অ্যাম্বুলেন্সটিকে নির্বাচনী পোস্টার ও মাইক লাগিয়ে প্রচার চালাতে দেখা যায়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে মাত্র দুই ঘণ্টা পরই প্রচার বন্ধ করে গাড়িটি পুনরায় গ্যারেজে ফিরিয়ে নেয় কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০২২ সালে বন্ধুত্বের নিদর্শন হিসেবে নাটোর পৌরসভাকে এই আইসিইউ অ্যাম্বুলেন্সটি উপহার দেয় ভারত। তবে উচ্চ ভাড়া এবং দক্ষ জনবলের অভাবে এটি দীর্ঘ চার বছর ধরে গ্যারেজেই পড়ে ছিল। পৌরসভার কর আদায়কারী জুলফিকুল হায়দার জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার মৌখিক নির্দেশ পাওয়ার পর অব্যবহৃত গাড়িটি সচল রাখতে তারা এটি ব্যবহারের সিদ্ধান্ত নেন। তবে অ্যাম্বুলেন্সের মতো একটি জরুরি সেবা প্রদানকারী যানকে রাজনৈতিক বা নির্বাচনী কাজে ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান জানান, ভারপ্রাপ্ত পৌর প্রশাসকের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই গাড়িটি রাস্তায় নামানো হয়েছিল। সমালোচনার মুখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কার একক সিদ্ধান্তে একটি জরুরি সেবার গাড়িকে প্রচারণার কাজে লাগানো হলো, সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর মেলেনি।