নাগরিক ঐক্য হুমকির শিকার: মান্না

0

লোকসমাজ ডেস্ক॥ নাগরিক ঐক্য হুমকির শিকার বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জেলা এমনকি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নাগরিক ঐক্যের নেতা, সংগঠকরা নানাভাবে হয়রানি এবং হুমকির শিকার হচ্ছে।’ রবিবার (৪ অক্টোবর) রাজধানীর তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, গত এক মাসের মধ্যে সরকার প্রশাসনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাগরিক ঐক্যের আলোচনা সভা, কর্মীসভা, সাধারণ মত বিনিময় সভার আয়োজনে বাঁধা সৃষ্টি করেছে। এমনকি অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানেও বাঁধা দিয়েছে। সম্প্রতি মুন্সীগঞ্জে একটি সভা (নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠান) করতে চাইলে প্রশাসনের নিষেধাজ্ঞায় তা সম্ভব হয়নি। মান্না বলেন, ‘গত ৩ অক্টোবর রংপুরে নাগরিক ঐক্যের কর্মীসভায় অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাকে বক্তব্য প্রদান করতে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সরকারি দলের ক্যাডারদের হামলার আশঙ্কার কথা বলে কর্মীসভা দ্রুত শেষ করতে বাধ্য করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার, সাকিব আলী, ডা. জাহেদ উর রহমান, সাকিব আনোয়ার, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রাজ্জাক সজীবসহ কেন্দ্রীয় নেতারা।