নওয়াপাড়ায় সিঁধ কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ নওয়াপাড়া পৌরসভায় একটি বসতঘরে সিঁধ কেটে গরু বিক্রির নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ধোপাদী দক্ষিণপাড়ার নাজমুল মোল্যার বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধোপাদী বাজারে নাজমুল মোল্যার একটি চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

মঙ্গলবার গভীর রাতে তার বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায় তারা। বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখে চুরির বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে এলাকাবাসী ও অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ভুক্তভোগী নাজমুল মোল্যা জানান, চোর সিঁধ কেটে ঘরে প্রবেশ করে মায়ের চিকিৎসার জন্যে গরু বিক্রির নগদ ২০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। এতে তার পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

নাজমুল মোল্যার বৃদ্ধ মা কহিনুর বেগম বলেন, আমার চিকিৎসার জন্যে রাখা সব টাকা নিয়ে গেছে। এখন আমার চিকিৎসাও আর হবে না। আমার ছেলের সব শেষ হয়ে গেছে।

অভয়নগর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বসতঘরে সিঁধ কেটে চুরির ঘটনা বিরল।

বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।