নওয়াপাড়ায় মানববন্ধনে অভিযোগ মেয়র শান্ত আর্থিক সুবিধা নিয়ে সড়ক অচল করে দিয়েছেন

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা॥ সড়ক সংস্কার ও ড্রেনের ওপর ঢাকনা স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। শুক্রবার সকালে নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, ২০ ফুট চওড়া সরকারি এ সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে যাতায়াত করেন এক্তারপুর, গ্রামতলা, তালতলা, সিরাজকাঠী ও রাজঘাটের কয়েক হাজার মানুষ। অথচ বছর খানেক আগে ড্রেন নির্মাণের নামে নওয়াপাড়া পৌরসভার তৎকালীন মেয়র সুশান্ত কুমার দাস শান্ত সচল সড়কটি অচল করে দেন। সড়কের পাশ দিয়ে ড্রেন না করে মাঝ দিয়ে বড় ড্রেন নির্মাণ করেন।
অভিযোগ রয়েছে, এ সড়কের দু ধারে আকিজ জুট মিলের দুটি গোডাউন রয়েছে। মূলত আকিজ জুট মিলকে সুবিধা দিতে মোটা অংকের অর্থের বিনিময়ে সড়কটি এভাবে অচল করে রাখা হয়েছে। এমনকি মানুষ যেন চলাচল করতে না পারে সেজন্যে ড্রেনের ওপর কোনপ্রকার ঢাকনা দেওয়া হয়নি। অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে মাসের পর মাস।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জজ কোর্টের আইনজীবী শাকিল আহম্মেদ রিপন জানান, এ সড়কটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে নওয়াপাড়া পৌরসভা কর্তৃপক্ষকে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
এলাকাবাসী জানান, এ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে। অনেক শিশু -কিশোর খেলা করতে গিয়ে ম্যানহোলে পড়ে গিয়ে আহত হয়েছে। ঝুঁিকপূর্ণ অবস্থায় এভাবে সড়কটি দীর্ঘদিন ধরে ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি- দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে হবে।
মানববন্ধনে অংশ নেন জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শমসের আলম সামশেদ, নওয়াপাড়া পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আশাবুর রহমান মোল্যা, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, থানা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী প্রমুখ।
সড়ক সংস্কারের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক জয়দেব চক্রবর্তী বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরে এমন কোন অভিযোগ পাইনি। আমি খুব তাড়াতাড়ি প্রকল্প হাতে নিয়ে সড়কটি সংস্কার করে দেব।