ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে: সালাহউদ্দিন আহমদ

0
ছাত্রদলের-অনুষ্ঠানে-সালাহউদ্দিন-আহমদ-ধর্মের-নামে-ভোট-চাওয়া-দলটির-মুখোশ-উন্মোচিত।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, একটি নির্দিষ্ট দল শুধু ধর্মের নামে ‘ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, এই দলটিকে জনগণ এরই মধ্যে চিনে ফেলেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ধর্ম ব্যবসায়ীদের দল একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলছে। তারা কেবলই বলছে, এখানে একটা মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাওয়া যাবে। তার আগে ইহকালে কীভাবে চলবে—এটা নিয়ে কোনো বক্তব্য নেই।”

বিএনপি জনগণের ভোট চায় জানিয়ে এই নেতা বলেন, বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে পারে না; বরং জনগণের জন্য কী করতে চায়, সেই পরিকল্পনা নিয়েই পদক্ষেপ নিয়েছে। তিনি ছাত্রদলের নেতাদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বিএনপির বিরুদ্ধে চালানো অপপ্রচারের পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানান।

বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের হাজারেরও বেশি নেতা অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা উল্লেখ করে বলেন, তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন এবং সেদিনই বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ আটটি বিষয়ে কীভাবে কাজ করা হবে, তা নিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালার আয়োজন করেছে, যা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।