দড়াটানা থেকে টাউন হল মাঠ পর্যন্ত ফুটপাত দখলদার উচ্ছেদে চারটি ব্যবসায়ী সংগঠনের দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দড়াটানা হতে টাউন হল পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাতের দখদালদের উচ্ছেদের দাবিতে একাট্টা হয়েছে চারটি ব্যবসায়ী সংগঠন। অবিলম্বে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও যশোর পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। এ চারটি ব্যবসায়ী সংগঠন হচ্ছে কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স ছিট কাপড় ব্যবসায়ী, কালেক্টরেট মসজিদ মার্কেট কাপড় ব্যবসায়ী, জজ কোর্ট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী ও ইনস্টিটিউট সুপার মার্কেট কাপড় ব্যবসায়ী সমিতি। স্মারকলিপিতে উল্লিখিত সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, যশোর শহরের যানজট নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষ শহরের রাস্তার পাশের ড্রেনের ওপর মানুষের পায়ে হেঁটে চলাচলের জন্য ফুটপাত তৈরি করে দেয়। বিপুল অংকের টাকা ব্যয়ে নির্মিত ফুটপাতগুলো এখন অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। এরমধ্যে শহরের দড়াটানা হতে টাউন হল মাঠ পর্যন্ত ফুটপাতের এ অংশ শহরের চিহ্নিত কিছু সন্ত্রাসী দখল করে অবৈধভাবে ব্যবসা করছে। যার ফলে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যানজট তৈরি হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক মুজিব সড়ক এখন অবৈধ দখলদারদের কবলে। রাস্তার ওপর যত্রতত্র যেখানে সেখানে দাঁড়িয়ে দখলদাররা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে একপ্রকার পুরো রাস্তাটিই দখল করে রেখেছে। এই সড়ক দিয়ে সাধারণ মানুষ,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, অফিস-আদালতের লোকজনকে যাতায়াতে মারাত্মক সমস্যায় পড়তে হয়। অনেক সময় মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্স যাতায়াতের সময় তীব্র যানজটের কবলে পড়ে। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে কথা বলার সাহস কারোর নেই। এ অবস্থায় অনতিবিলম্বে ফুটপাতের এ অংশের দখলদারদের উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী নেতারা।