দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই : প্রতিমন্ত্রী

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি কামনায় যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান। তিনি দেশ ও জাতির উন্নয়ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এবং মরহুম আরাফাত রহমান কোকো-এর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ঈদের জামাতে অংশ নেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা কোরবানি দেবেন তারা যেন দুপুর ২টার মধ্যে পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলেন। বিকেল ৪টার মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করবেন। এরপর বর্জ্য ফেললে তা দ্রুত পরিষ্কার করা কঠিন হয়ে পড়বে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পরিবারের তরুণরা যেন বেপরোয়া ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকে। অসচেতন চালনার কারণে দুর্ঘটনায় ঈদের আনন্দ বিষাদে পরিণত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই। তবে কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এসব সমস্যা দ্রুত সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানান তিনি।

জামাতের শুরুতে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন, মোঃ রফিকুল হাসান, এস এম শাহীন, জাহিদ হাসান এবং শান্তনু ইসলাম সুমিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে প্রতিমন্ত্রী মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সকাল সাড়ে ৮টায় একই ময়দানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন এবং দোয়া পরিচালনা করেন।