দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

0
কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দীর্ঘদিন মাঠে দায়িত্ব পালনের পর এখন সেনাবাহিনী ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, “২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে।” তিনি আরও জানান, এখন থেকে সেনাবাহিনীর প্রধান কাজ হবে ক্যান্টনমেন্টে ফিরে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, মনোবল ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা।

তবে প্রয়োজনে যেকোনো মুহূর্তে সাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, “দেশের প্রয়োজনে যেকোনো সময় আমরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। যতক্ষণ সরকার আমাদেরকে চাইবে, যেকোনো প্রয়োজনে আমরা প্রস্তুত থাকব। দেশের ক্রান্তিলগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”

দীর্ঘ মাঠ-অভিজ্ঞতার পরও সেনা সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও ফায়ারিং প্রতিযোগিতায় সদস্যরা যে দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই অভূতপূর্ব।

গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া এই ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১৭ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড। বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স, কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।