দেবহাটায় শহীদ ছাত্র আসিফ হাসানের কবর জিয়ারত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে গিয়ে তারা তার কবর জিয়ারত করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাতক্ষীরা জজকোর্টের সাবেক এপিপি এবিএম সেলিম, সুপ্রিম কোর্টের অ্যাড. এম এ শহিদ হাসান শহিদ, সাতক্ষীরা জজকোর্টের অ্যাড. নূরুল আলম, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. অসীম কুমার মন্ডল , অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অ্যাড. মনিরুল ইসলাম, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. তোহা কামাল উদ্দিন হীরাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। আসিফ হাসানের কবর জিয়ারত ও দোয়া শেষে তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবার যদি আসিফ হাসানের খুনিদের বিরুদ্ধে মামলা করতে চান তাহলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মামলার খরচ দিবে এবং বিনা খরচে সকল প্রকার আইনি সহায়তা দিবে। নেতৃবৃন্দ কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী এবং নিহত জনগণের জন্য গভীর শোক জানান এবং খুনিদের বিচার দাবি করেন।