দূরপাল্লার পরিবহন বন্ধের প্রতিবাদে সভা শরণখোলায়

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট জেলা বাস মালিক সমিতি শরণখোলা উপজেলা থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ করে দেয়ার প্রতিবাদে নাগরিক সভা করেছে। সোমবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৮ ঘন্টার মধ্যে পূর্বের ন্যায় দূরপাল্লার পরিবহন চলাচল করতে না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, শিক্ষক আক্তারুজ্জামান তালুকদার, মো. জামাল আকন, মাসুদ জোমাদ্দার, মো. গুলজার হাওলাদার, আবু তালেব বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাগেরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি একটি পত্রের মাধ্যমে নোটিশ দিয়ে ৬ জুন থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার পরিবহন বন্ধের ঘোষনা দেয়। এরপর সোমবার সকাল থেকে শরণখোলা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাগেরহাট বাসস্ট্যান্ডে আটকে দেয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হলে মালিক সমিতির একটি সভা করে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে পরিবহনগুলো ছেড়ে দিতে বাধ্য হয়।