দুদকের মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুরসহ দুজন কারাগারে

0

বাগেরহাট সংবাদদাতা ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক)’র মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক পৌরসচিব রেজাউল করিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে আদালতে তারা উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই আদেশ দেন।


এদিকে মেয়র খান হাবিবুর রহমানের জামিন নামঞ্জুর হওয়ার খবরে তার সমর্থকরা আদালতের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করেন। যদিও কিছু সময় পর অবরোধ তুলে নেয়া হয়। দুদক’র দায়েরকৃত মামলায় জানা যায়, অবৈধ নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক পৌর সচিব রেজাউল করিমের নামে গত বছরের ২৫ নভেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর আগে ২০২০ সালের ৭ অক্টোবর মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়। বাগেরহাট পৌরসভায় নিয়ম বহির্ভূতভাবে ১৭ জনকে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮শ’ টাকা আত্মসাতের অপরাধে মেয়রসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়। অন্যদিকে বাগেরহাটে আবাহনী ক্লাবের কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বাগেরহাট ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের কাজ না করে ১ কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে আসামি করে আরও একটি মামলা করা হয়। আসামিপক্ষের আইনজীবী ড. একে আজাদ ফিরোজ টিপু বলেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান ও বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। যেহেতু মেয়র শারীরিকভাবে অসুস্থ তার প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করলে আদালত তাকে ডিভিশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। দুদক’র আইনজীবী মিলন কুমার ব্যানার্জি বলেন, আসামিরা উচ্চ আদালতের নির্দেশে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।