দর্শনা সীমান্তে বিজিবি- বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে দর্শনা সীমান্তের প্রধান খুঁটি ৭৬-র নিকট শূন্য রেখায় বাংলাদেশের পাশে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান জানান, তিনিসহ ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুজিত কুমার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকের শুরুতে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা চলাকালে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতে বসবাসরতদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজিবি অধিনায়ক।

তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে কোন নাগরিককে পুশইন করা একদিকে যেমন সীমান্ত আইন লঙ্ঘন, অন্যদিকে আন্তজার্তিকভাবে মানবাধিকার লঙ্ঘনের সামিল।

পরবর্তীতে সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত সুরক্ষার লক্ষ্যে অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান প্রতিরোধ, সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারী কার্যক্রম অব্যহত রাখার বিষয়ে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডার একমত পোষণ করেন।