দর্শনায় আড়াই কোটি টাকার সোনার বারসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশনের কাছ থেকে ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা মূল্যের ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ১জনকে আটক করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার ভোর ৫টা ৫০ মিনিটের পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলঙ্গীর খান (৫৫) দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মরহুম বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপনে সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়।

টহল দলের অবস্থান দেখে এক ব্যক্তি এলাকা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্যে সংকেত দেন। কিন্তু তিনি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটকের পর সেখানে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সেখান থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দ করা মোবাইল ফোন সেটের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দেওয়ার পর তাকে থানায় সোপর্দ ও উদ্ধার হওয়া সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।