ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে ইসির সভা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রোববার সকাল পৌনে ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরু হয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা ও আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে ইসি। প্রচলিত রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতির বিবরণ উপস্থাপন করবে কমিশন। এরপরই তফসিল ঘোষণা করবেন সিইসি।

রোববারের সভায় আলোচনায় রয়েছে- তফসিল ঘোষণার আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম পর্যালোচনা; গণভোট ও জাতীয় নির্বাচনের অগ্রগতি; মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়; রাজনৈতিক দলের নিবন্ধন–সংক্রান্ত সিদ্ধান্ত; জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ও এসওপি চূড়ান্তকরণ; মহড়া ভোটের অভিজ্ঞতা অনুযায়ী কেন্দ্র ব্যবস্থাপনা; পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর;
বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ; অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া নিষ্পত্তি; স্মার্ট কার্ডে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণের সিদ্ধান্ত। এ ছাড়া বিবিধ বিষয়েও আলোচনা হবে।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।