রামপাল উপজেলাকে বাল্যবিবাহ শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ ‘আমার উপজেলা আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত’ এই স্লোগান রামপাল উপজেলাকে বাল্যবিবাহ শিশু শ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বাল্য বিবাহ মুক্ত, শিশু শ্রম মুক্ত ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত ঘোষণা করা হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘোষণা অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিশু স্কুল বহির্ভূত ও শিশু স্বাস্থ্য বিষয়ে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন প্রমুখ। এ সময় থানার ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, কোনো নিকাহ রেজিস্টার যদি বাল্যবিবাহের সাথে জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। তিনি বলেন, এ পর্যন্ত ১০ হাজার ৪২০ জন শিশু-যুব এবং ৪২ হাজার ১১জন কমিউনিটি সদস্যকে ৫-জিরো বিষয়ে সচেতন করা হয়েছে। ৮ হাজার ৫৮০ টি পরিবারের মাধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ, শিশুর স্কুল ড্রপ আউট বন্ধের বিষয়ে প্রচার ও অধিকার ভিত্তিক বার্তা পৌছানো হয়েছে। ৫টি কৌশলগত স্থানে বিলবোর্ডের মাধ্যমে প্রায় ৮২ হাজার ১৫৭জন মানুষকে সচেতন করা হয়েছে। নাটক, শোভাযাত্রা , গণসংযোগ, ক্রীড়া ও কিশোর কিশোরী সেশনের মাধ্যমে সামাজিক আচরণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত উপজেলা ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান এবং ফলক উন্মোচন ও স্টল ঘুরে দেখেন।