তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রীরা। পরে গাড়িখানা তেল পাম্পের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের চিত্রারমোড় থেকে মোটরসাইকেল ঠেলে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচির কারণে শহরের ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং কয়েক স্থানে যানজটের সৃষ্টি হয়। এতে অফিসফেরত যাত্রী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, নির্বাচনের মাত্র ১০০ দিনের মধ্যেই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। জনগণ নতুন সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে অতীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মেনে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরও নতুন করে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই। তিনি অভিযোগ করেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং ধারাবাহিকভাবে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়েজিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।