তুরস্কে ঠান্ডায় জমে ১২ শরণার্থীর মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ তুরস্কে ঠান্ডায় জমে ১২ শরণার্থীর মৃত্যু হয়েছে। গ্রীসের সঙ্গে থাকা দেশটির সীমান্তের কাছে তাদের মরদেহগুলো পাওয়া গেছে বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি তার টুইটার একাউন্টে মরদেহগুলোর ঝাপসা ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে, তাদের গায়ে ছিল শুধু শর্টস ও টি-শার্ট। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইপসালার কাছে তাদের মৃত্যু হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।
সুলেমান সয়লু দাবি করেন, ওই শরনার্থীরা গ্রীসে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু গ্রীসের সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দিলে তারা আশ্রয়হীন অবস্থায় ঠান্ডায় জমে মারা যান। তারা ২২ জনের একটি শরনার্থী দলের সদস্য ছিলেন।
গ্রীসের সীমান্তরক্ষী বাহিনী তাদের জামা কাপড় খুলে সার্চ করে। এসময় সেখানে তাপমাত্রা ছিল মাত্র ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এই ঘটনার জন্য তিনি গ্রীসকে অভিযুক্ত করেন এবং বলেন ইউরোপীয় ইউনিয়ন দুর্বল ও অমানবিক আচরণ করছে।
যদিও তুরস্কের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গ্রীস। দেশটির শরনার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিটারাচি বলেন, এটি একটি ট্রাজেডি। তবে তুরস্ক তাদের মৃত্যু নিয়ে যে গল্প বলছে তা মিথ্যা প্রোপ্যাগান্ডা ছাড়া কিছুই নয়। নোতিস আরও জানান, এই শরনার্থীরা কখনো গ্রীসের সীমান্তের কাছেই আসেননি। এই শরনার্থীদের মৃত্যুকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছে অভিবাসীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইওএম। সংস্থাটির মুখপাত্র সাফা সেহলি এই ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিতের আহবান জানান।