তালায় শিল্পী আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় শিল্পী আক্তারের (২৩) রহস্যজনক মৃত্যুর ঘটনার একমাস পর মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। শনিবার সকালে উপজেলার খেজুরবুনিয়া বাজারে এই মানববন্ধন পালন করা হয়। শতাধিক নানা শ্রেণিপেশার মানুষ ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন। স্বামী পরিত্যক্তা শিল্পী আক্তারের ৫ বছরের একটি শিশুকন্যা রয়েছে।
জানা যায়, তালা উপজেলার আটারই গ্রামের সোবহান আলী সরদারের স্বামী পরিত্যক্তা মেয়ে শিল্পী আক্তার গত ৩ জুলাই রাতে মারা যান। পারিবারিকভাবে জানানো হয় তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন। তবে এ সময় শিল্পী খাতুনের লাশের পাশে তার মা ফরিদা বেগম ছাড়া কাউকে লাশ দেখতে দেয়া হয়নি। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়। শিল্পী আক্তারের গোসলের সময় সেখানে থাকা মহিলাদের নজরে আসে গলায় কোনকিছুর প্যাঁচানো দাগ এবং ঘাড়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ওই সময় প্রশাসনকে অবহিত না করে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি লাশটি দাফন করা হয়।
স্থানীয় আব্দুল হালিম শেখ, হাবিবুর রহমান, শিমুল ইসলাম, মিন্টু সরদার, হাফিজুর রহমান, ফারুক হোসেনসহ কয়েকজন জানান, শিল্পী আক্তারের বাবা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় রয়েছেন। যে কারণে তার চাচার সঙ্গে মায়ের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। মা ও চাচার বিষয়টি জেনে যাওয়ার কারণে রাতে পরিকল্পিতভাবে শিল্পী আক্তারকে হত্যা করা হয়। তবে শিল্পীর মা জানান, তার মেয়ের স্ট্রোক করে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, একটি মানববন্ধনের কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় তার পরিবারের পক্ষ থেকে কেউ কোনও অভিযোগ করেনি।