তালায় অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় এক কিশোরীর বিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ বিয়ে বন্ধ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক করা হয়েছিল। পাত্র পার্শ্ববর্তী খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের ইব্রাহীম নামের এক ভ্যানচালক। বিষয়টি জানতে পেরে শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় ওই ছাত্রীর মা মুচলেকা দেন এবং আগামী সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে উপস্থিত হবেন বলে জানান। ওই কিশোরী জানায়, ‘আমার বয়স মাত্র ১৪ বছর। এরা আমায় জোর করে বিয়ে দিচ্ছে। আমি পড়াশোনা করতে চাই। এরা আমাকে পড়তেও দেবে না। আপনারা যদি কোনও ব্যবস্থা না নেন তাহলে আমার আত্যহত্যা করা ছাড়া পথ থাকবে না।’