তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

0
নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ও ভোটার হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার দুই দিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বিকেলে সিইসির কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে বর্তমান ভোটার তালিকায় তাঁর নাম নেই। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়, যা নিয়ে আজ কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ২০২০’ ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বড় ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেয়েছে বিএনপি। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে দল ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। ইতোমধ্যে তাঁর থাকার জন্য বাসভবনও চূড়ান্ত করা হয়েছে।