‘জান যায় যাক’ বলে কেন সংঘাতের পথে হাঁটলেন জামায়াত প্রার্থী? প্রশ্ন মাহদী আমিনের

0
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেরপুরের সংঘাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহদী আমিন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতাকে অনাকাঙ্ক্ষিত ও কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন অভিযোগ করেন, “শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে নির্ধারিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারা সব আসন দখল করে রেখেছিলেন এবং বিএনপির নেতা-কর্মীদের বসতে দিচ্ছিলেন না। প্রশাসন ও সেনাবাহিনীর বারবার অনুরোধ উপেক্ষা করে জামায়াত প্রার্থী সংঘাতের পথ বেছে নিয়েছিলেন।” সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বারবার বাধা দেওয়া সত্ত্বেও জামায়াত প্রার্থী ‘জান যায় যাক’ বলে উত্তেজিত কর্মীদের নিয়ে সংঘর্ষে জড়ান।

এই ঘটনায় বিএনপির ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। মাহদী আমিন প্রশ্ন তোলেন, নির্ধারিত সময়ের আগে কেন লাঠিসোঁটা জড়ো করা হলো এবং কেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত উসকে দেওয়া হলো? তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।