তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসা নেতা–কর্মীদের জন্য ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ

0
২৫ ডিসেম্বর বিএনপির জন্য ১০ রুটে বিশেষ ট্রেন; বাড়তি কোচ যুক্ত হচ্ছে ১৭টি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ভাড়ার বিনিময়ে এই বিশেষ সেবা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া নিয়মিত বিভিন্ন ট্রেনে আরও ১৭টি বাড়তি কোচ সংযোজন করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলপথ মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ৩৬ লাখ টাকা ভাড়ার বিনিময়ে এই ১০টি রুটে ট্রেনগুলো চলবে। রুটগুলো হলো—কক্সবাজার-ঢাকা, খুলনা-ঢাকা, রাজশাহী-ঢাকা, যশোর-ঢাকা, পঞ্চগড়-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা, জয়দেবপুর-ঢাকা এবং চাটমোহর-ঢাকা।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইঞ্জিন সংকটের মধ্যেও গণতান্ত্রিক অভিযাত্রাকে সুগম করতে বিএনপির চাহিদা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিশেষ ট্রেনের চাপ সামলাতে রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস ও রোহনপুর কমিউটারের নিয়মিত যাত্রা একদিনের জন্য স্থগিত করা হয়েছে। সাধারণ যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে তারেক রহমানের ঢাকায় নামার কথা রয়েছে। এই দিনটিকে স্মরণীয় করতে রাজধানীর ৩০০ ফুট সড়কে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।