বনানীতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের নারী প্রধান পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এই প্রকল্পকে একটি ‘আস্থার নাম’ হিসেবে অভিহিত করেন। এই কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে ভাতা পাবেন। পাইলটিং পর্যায়ে বর্তমানে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে এই ভাতার জন্য চূড়ান্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে এই ফ্যামিলি কার্ডকে দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে রূপান্তর করার মহাপরিকল্পনা রয়েছে।

প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। কোনো পরিবারের গাড়ি, এসি বা ৫ লাখ টাকার সঞ্চয়পত্র থাকলে তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন না। সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ভাতার বিষয়ে যেকোনো অভিযোগ জানাতে আপাতত ‘চাইল্ড হেল্পলাইন ১০৯৮’ ব্যবহার করা যাবে এবং দ্রুতই একটি ডেডিকেটেড হটলাইন চালু করা হবে। পরীক্ষামূলক এই ধাপ সফল হলে ভবিষ্যতে হতদরিদ্র পুরুষ প্রধান পরিবারগুলোকেও এই ভাতার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।