তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

0
জাতীয় স্মৃতিসৌধের বেদীতে তারেক রহমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানসহ শীর্ষ নেতারা ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ প্রায় দুই দশক পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দুপুর ২টা ৫৪ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে বিশাল গাড়িবহর নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।
জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।
এদিকে, সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সময়ের সীমাবদ্ধতা ও প্রোটোকল অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় তারেক রহমানের পক্ষে দলের প্রতিনিধি দল এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।