ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন তারেক রহমান; মনোনয়নপত্র সংগ্রহ

0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা) এবং তাঁর পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। আজ রোববার বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। ইতিপূর্বে ঢাকা-১৭ আসনে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার জোরালো আলোচনা ছিল। তবে তারেক রহমান এই আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে সম্মান জানিয়ে পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে নিজের জন্মস্থান ভোলা-১ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গতকাল শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাঁর এই নির্বাচনী ঘোষণা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। উল্লেখ্য, ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি প্রাথমিকভাবে ফাঁকা রেখেছিল, ঢাকা-১৭ ছিল তার অন্যতম।