ডেঙ্গু চিকিৎসার প্রধান উপকরণ স্যালাইন নেই হাসপাতাল ও দোকানে : ঝুঁকি বাড়ছে রোগীদের * এক মাস আগে চাহিদা জানানোর পরও সরবরাহ মেলেনি * সংকট দেখিয়ে ফার্মেসিতে বিক্রি হচ্ছে ৩ /৪ গুণ দামে

0

 

বিএম আসাদ॥ ডেঙ্গু রোগীদের চিকিৎসার প্রধান উপকরণ স্যালাইন নেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে। দীর্ঘদিন যাবত চলছে এ সংকট। সুযোগ বুঝে ব্যবসায়ীরা ৩/৪ গুণ বেশি দামে স্যালাইন বিক্রি করছে।
এদিকে চাহিদা জানানোর একমাস পার হয়ে গেলেও এনএস ও ডিএনএস নামের ওই স্যালাইন দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ফলে স্যালাইনের অভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। যশোরে ডেঙ্গু ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯শ ৩৭ জন। মৃত্যুবরণ করেছেন ১১ জন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭২ জন। এর আগে এ হাসপাতাল থেকে ১ হাজার ৪শ ৭৪ জন চিকিৎসা নিয়েছেন। মৃত ১১ জনের মধ্যে ৭ জন মারা গেছেন যশোর জেনারেল হাসপাতালে। বাকী রোগীর চিকিৎসা ও মৃত্যু হয় উপজেলা হাসপাতালে। ডেঙ্গু রোগীর চিকিৎসাড প্রধানত এনএস ও ডিএনএস স্যালাইন ব্যবহৃত হয়। রোগীর রক্তের পাøটিলেট যখন কমে যায়, তখন এই দু’টি স্যালাইন, ব্যবহারে শরীরের তাপমাত্রা প্রেসার ও রক্তের প্লাটিলেট কাউন্ট উর্দ্ধমুখী হয়। ক্রমান্বয়ে রোগী সুস্থতা ফিরে পায়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে যশোর ২৫০ শয্যা হাসপাতালে শত শত ডেঙ্গু রোগী চিকিৎসা নিলেও অতিপ্রয়োজনীয় এনএস, ডিএনএস স্যালাইন নেই। বাইরের ফার্মেসিতেও মিলছে না চাহিদামতো স্যালাইন। ফলে রোগীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। হাসপাতালে স্যালাইন না থাকায় ৩ থেকে ৪ গুণ বেশি টাকা দিয়ে তা ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। এনএস স্যালাইনের প্রতি ব্যাগের দাম ৮০ টাকা। অথচ সুযোগ বুঝে ১৫০ টাকা থেকে ৩শ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। ডিএনএস স্যালাইনের দাম ১শ টাকা। সেখানে ৪শ-৫শ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
এ অবস্থায় কারো ডেঙ্গু হলে স্যালাইনের অভাবে যথাযথ চিকিৎসা দেয়া কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে এনএস-ডিএনএস স্যালাইনের সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থায় স্যালাইন না পেয়ে রোগী বাঁচানোর জন্যে অভিভাবকরা ছুটছেন ফার্মেসিগুলোতে। সেখান থেকেও ফিরিয়ে দেয়া হচ্ছে নেই বলে। তাদের বক্তব্য কোম্পানি সরবরাহ করছে না। মাঝে মধ্যে দু’-একটা করে স্যালাইন দিচ্ছে। এ অবস্থায় রোগী নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। হাসপাতালে স্যালাইনের বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশীদ ১৫ হাজার ব্যাগ এনএস স্যালাইন ও ১২ হাজার ব্যাগ ডিএনএস স্যালাইন চেয়ে গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) বরাবর চাহিদাপত্র পাঠিয়েছেন। যার স্মারক নং-১৪৬৪। পরিচালক স্যালাইন সরবরাহের আশ্বাসও দিয়েছেন। এরপর এক মাস পেরিয়ে গেছে। কিন্তু স্যালাইন আসেনি। ফলে দূর-দূরান্ত থেকে আসা গরিব ও দুঃস্থ রোগীরা স্যালাইন না পেয়ে মহা সংকটে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে কিছু হার্টম্যান স্যালাইন দেয়া হচ্ছে রোগীদের।
এ ব্যাপারে তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য এনএস এবং ডিএনএস স্যালাইন অতিপ্রয়োজনীয়। বর্তমানে হাসপাতালে এ দু’টি স্যালাইনের সরবরাহ নেই। তাই রোগীদের হার্টম্যান স্যালাইন দেয়া হচ্ছে। এতে তেমন কাজ হয় না। পরিস্থিতি সামাল দিতে এ পথ অবলম্বন করা হয়েছে।
আরএমও পার্থ প্রতীম চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনিও সংকটের কথা জানিয়ে বলেন, চাহিদা পত্র দেয়া হয়েছে। তবে এখনো স্যালাইন আসেনি।
এদিকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি যশোর জেলা সভাপতি আলহাজ্ব মো. আব্দুস শহীদ চাকলাদার পান্নু বলেন, তার ফার্মেসিতেও কোম্পানি স্যালাইন দিচ্ছে না। মাঝে মধ্যে কয়েকটি করে দিচ্ছে। যা দিয়ে চাহিদা মিটছে না। কোম্পানিগুলো এ স্যালাইন দেয়া এক প্রকার বন্ধ করে দিয়েছে।