ডুমুরিয়ায় মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

0
আহত মো. সাইফুল ইসলাম (৫৮)। ছবি: সংগৃহীত।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় এক মোটরসাইকেল আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মির্জাপুর ওয়াপদার সড়কে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৫৮)। সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলে আড়ংঘাটার উদ্দেশে রওনা হন। পথে মির্জাপুর ওয়াপদার সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

সাইফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর (রহিমাবাদ) গ্রামের মৃত শেখ ইকরাম উদ্দিনের ছেলে।
ঘটনার পর স্থানীয় এক ভ্যানচালক তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’