ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকার পঞ্চু গ্রামে ডাকাতির পিস্তল ও চাপাতিসহ তাদের আটক করা হয়েছে বলে ডুমুরিয়া থানা পুলিশ জানায়।
থানা পুলিশের একটি সূত্র জানায়, উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩০) ও একই গ্রামের মুজিবুর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৭)সহ কয়েকজন খুলনার রায়ের মহল এলাকা থেকে ভ্যানযোগে গুটুদিয়ার মোস্তফার মোড় হয়ে পঞ্চু গ্রামের চারা বটতলায় সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই খবর এলাকায় খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাদের ধাওয়া করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই সদস্যকে ধরে গণধোলাই দেয় গ্রামবাসী। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি দেশী পিস্তল ও একটি চাপাতিসহ দুই ডাকাতকে আটক করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া সাংবাদিকদের বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ডুমুরিয়া হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা রেকর্ড হয়েছে।