ট্রাম্পের ‘ধ্বংসাত্মক’ হুমকির পর পাল্টা প্রস্তুতি ইরানের

0
ট্রাম্পের হুমকির পাল্টা জবাব; নতুন মার্কিন স্থাপনায় হামলার লক্ষ্যবস্তু চূড়ান্ত করছে ইরান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হুমকির পর পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন মার্কিন স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান। শনিবার (৭ মার্চ) ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানে ‘কঠোর আঘাত’, ‘সম্পূর্ণ ধ্বংস’ এবং ‘নিশ্চিত মৃত্যুর’ হুমকি দেওয়ার পর তেহরান এই কঠোর অবস্থান নিল। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে ইরানি জনগণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে ইরান।

সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন যে, যুক্তরাষ্ট্র যেহেতু সরাসরি সাধারণ মানুষ হত্যার হুমকি দিয়েছে, তাই ইরান এখন আমেরিকান অঞ্চল, সামরিক বাহিনী এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা পর্যালোচনা করছে। ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে জানান, যে সকল মার্কিন স্থাপনা বা লক্ষ্যবস্তু এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর তালিকায় ছিল না, পরিস্থিতি বিবেচনায় এখন সেগুলোকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। মূলত ট্রাম্পের ‘নিশ্চিত মৃত্যু’ ও ‘ধ্বংসের’ হুমকির বিপরীতে ইরান তাদের হামলার পরিসর আরও বাড়ানোর ঘোষণা দিল। মধ্যপ্রাচ্যে দুই বৈরি দেশের এই অনড় অবস্থান একটি বিধ্বংসী যুদ্ধের আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে।