টানা ৬ দিনের বর্ষণ শেষে ঢাকায় ফুটল রোদের হাসি

0
টানা ছয় দিন বৃষ্টির পর অবশেষে আজ মঙ্গলবার সকালে ঢাকায় দেখা মিলেছে ঝলমলে রোদের।। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় টানা ছয় দিন অবিরাম বৃষ্টিপাতের পর অবশেষে কাঙ্ক্ষিত রোদের দেখা মিলেছে। আজ মঙ্গলবার সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে উঁকি দেয় তপ্ত সূর্য।
দীর্ঘ দিন পর ঝলমলে রোদের প্রত্যাবর্তনের পাশাপাশি আজ নগরীতে গরমের দাপটও বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, রোদ উঠলেও স্বস্তি এখনই স্থায়ী নাও হতে পারে; আজ দুপুরের মধ্যেই ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এ অঞ্চলের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ছয় দিন ধরে চলা টানা বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, যা নগরবাসীর স্বাভাবিক চলাফেরায় চরম বিঘ্ন ঘটায়। আজ সকাল থেকে রোদের দেখা মেলায় এবং রাস্তাঘাটের পানি কমতে শুরু করায় সাধারণ মানুষ স্বস্তি নিয়ে গন্তব্যে চলাচল করতে পারছেন।

সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে যানবাহনের সংখ্যা ও সাধারণ মানুষের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে।